মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:০৭ পিএম
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনার মধ্যেই প্রকাশ করা হয়েছে এবারের আসরের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয় কণ্ঠ দিয়েছেন গানটিতে।
সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের একটি টিজারে গানটির ঝলক দেখানো হয়। এরপর শুক্রবার আনুষ্ঠানিকভাবে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি মুক্তির ঘোষণা দেয় ফিফা।
সংস্থাটি জানিয়েছে, ‘দাই দাই’ গান থেকে পাওয়া রয়্যালটির অর্থ জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।
আগামী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন শুরু হওয়া এই আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। এর আগে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাবে ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’ গানটি।
বিশ্বকাপের মঞ্চে শাকিরা বেশ পরিচিত নাম। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’-এর মূল শিল্পী ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।