হরমুজের দিকে যাচ্ছে ফ্রান্সের যুদ্ধজাহাজ, বাড়ছে মধ্যপ্রাচ্য উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৪০ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’কে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় মোতায়েন করছে ফ্রান্স। দেশটির সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুদ্ধজাহাজটি আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেয়। একই সময়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলও বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমাধান আসেনি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানের সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে ছোটখাটো সংঘর্ষের ঘটনাও অব্যাহত রয়েছে।