ভারতে আটক ২ বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৫০ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি তাদের রৌমারী থানায় সোপর্দ করে।

শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।

ফেরত আসা দুই যুবক হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাস গ্রামের আলমগীর কবিরের ছেলে মো. সুজন কবির (৩৫) এবং নাটোরের রামনগর গ্রামের আকবর আলীর ছেলে মো. রবিউল ইসলাম রাজু (৩০)।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার বাংলাবাজার বিওপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. ঠান্ডু মিয়া। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আসাম রাজ্যের মাইনকারচর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই ভাজন সিং।

পরে আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৫ সংলগ্ন চর নতুনবন্দর জিরোপয়েন্ট এলাকায় দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও বিজিবি জানিয়েছে, কাজের সন্ধানে সুজন কবির গত ২০ এপ্রিল শেরপুর সীমান্ত দিয়ে এবং রবিউল ইসলাম রাজু ৩০ এপ্রিল সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে গত ৯ মে ভারতের মাইনকারচর থানা পুলিশ তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, বিজিবির কাছ থেকে দুই যুবককে থানায় নেওয়ার পর তাদের পরিচয় যাচাই করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970