গ্রেফতারের ভয়ে ৩১ পিস ইয়াবা গিলে ফেললেন যুবক, হাসপাতালে ভর্তি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৩৭ পিএম
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারের সময় প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন সোহাগ ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে বুধবার রাতে সদর উপজেলার রাস্তি এলাকায়। অভিযানে তাকে আটক করা হলে তিনি সঙ্গে থাকা ইয়াবা গিলে ফেলেন বলে জানিয়েছে পুলিশ। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাঈম জানান, সোহাগের কাছে মোট ৫০ পিস ইয়াবা ছিল। এর মধ্যে ১৯ পিস উদ্ধার করা হয়। শুরুতে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে অসুস্থ হয়ে পড়লে স্বীকার করেন যে বাকি ৩১ পিস ইয়াবা তিনি গিলে ফেলেছেন।
পুলিশ আরও জানায়, সোহাগ পশ্চিম রাস্তি এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।