ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ভাইরাল সাদা দাড়িওয়ালা ‘মোদি মহিষ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:১৪ পিএম
নারায়ণগঞ্জে ভাইরাল পশুর তালিকায় একের পর এক যোগ হচ্ছে নতুন নাম। ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের মহিষ নিয়ে আলোচনা থামতে না থামতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা ‘মোদি মহিষ’।
বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি আভাযুক্ত এই মহিষটির অদ্ভুত চেহারা ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে মানুষের মধ্যে। বিশাল আকৃতির মহিষটির শরীরজুড়ে রয়েছে হালকা সাদা আভা, আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।
স্থানীয় একটি খামারে থাকা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর পর থেকেই মহিষটি নিয়ে বাড়তে থাকে আলোচনা।
খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে নেটিজনদের মধ্যে মজার আলোচনা শুরু হলে অনলাইন জরিপের মাধ্যমে এর নাম রাখা হয় ‘মোদি’।
অনেকের মতে, মহিষটির লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছুটা মিল রয়েছে। সেই কারণেই মজার ছলে এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে।
খামারিরা বলছেন, ঈদুল আজহাকে ঘিরে ব্যতিক্রমী নামের পশুর প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এর আগে ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’ নামের মহিষ নিয়ে আলোচনা হলেও এবার সবার নজর কেড়েছে সাদা দাড়িওয়ালা ‘মোদি’ মহিষ।
এর আগে শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে একটি মহিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ক্ষ্যাপাটে স্বভাবের ‘নেতানিয়াহু’ মহিষ নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়।
ঈদুল আজহা সামনে রেখে এখন দেখার বিষয়, ভাইরাল পশুর তালিকায় আরও নতুন কোনো নাম যুক্ত হয় কি না।