সমাজ বদলে দেওয়া ৬ জন পেলেন ‘এম-রাইজ হিরো’ সম্মাননা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটি আবুল খায়ের গ্রুপ।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত জমকালো ‘এম-রাইজ গালা নাইট’-এ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানে হিরোদের জীবনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, হিরো রিভিল এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্রের পর্দার জনপ্রিয় নায়ক শাকিব খানের হাত থেকে সমাজের বাস্তব জীবনের হিরোরা এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের গ্রুপ হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘এম-রাইজ’-এর প্রথম আসরে সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু। তিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে অসংখ্য মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের সহায়তা দিয়ে যাচ্ছেন।

এছাড়া ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় কাজ করছেন। চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা প্রদান করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ভূমিকা রাখছেন। অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয় বড়ুয়া লাবলু বলেন, প্রযুক্তি মানুষের জীবন সহজ ও সুন্দর করার জন্য হওয়া উচিত। মানুষের মুখে হাসি ফোটানোর অনুভূতিই তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

মো. রোস্তম আলী বলেন, সমাজের অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের জন্য কাজ করতে গিয়ে তিনি সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করেছেন। এমন উদ্যোগ ভালো কাজের অনুপ্রেরণা তৈরি করবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে শাকিব খান বলেন, সমাজের নীরব হিরোদের সম্মান জানাতে পেরে তিনি গর্বিত। যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন, তাদের স্বীকৃতি পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের সামাজিক দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

আবুল খায়ের গ্রুপের শেখ শাবাব আহমেদ বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করে আসছে। সেই ভাবনা থেকেই ‘এম-রাইজ’ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু সম্মাননা প্রদান নয়; বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা মানুষদের গল্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970