পদ্মায় ভেসে এলো পলিব্যাগ, খুলতেই মিলল খণ্ডিত হাত-পা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর তীরে স্থানীয়রা জোয়ারের পানিতে ভেসে আসা একটি সাদা পলিব্যাগ দেখতে পান। সেটি নদীর পাড়ের একটি ব্লকের সঙ্গে আটকে ছিল। সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগটি উদ্ধার করেন। পরে সেটি খুলে ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির দুটি হাত ও দুটি পা পাওয়া যায়। হাতগুলো কনুই পর্যন্ত এবং পাগুলো হাঁটু পর্যন্ত কাটা ছিল। উদ্ধার হওয়া অঙ্গ-প্রত্যঙ্গ অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে সেগুলো নদীতে ফেলা হয়েছিল।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও পরিচয় শনাক্তে সিআইডির ফরিদপুর টিমকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970