শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৪৫ পিএম
দেশের কয়েকটি এলাকায় শনিবার (১৬ মে) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রিড ও বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।
এ সময় বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বাঘা জোনাল অফিস জানিয়েছে, বাঘা ৩৩ কেভি লাইনে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের অধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।