ওমানে একসঙ্গে ৪ ভাইয়ের মৃত্যু, জানাজা পড়ালেন বেঁচে থাকা একমাত্র ভাই

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ওমানে বিষাক্ত গ্যাসে মারা যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইকে বুধবার নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকালে হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। হৃদয়বিদারক সেই জানাজায় ইমামতি করেন জীবিত থাকা একমাত্র ভাই এনামুল হক।

প্রবাস জীবনে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে একে একে পাঁচ ভাইয়ের মধ্যে চারজন ওমানে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে সেখানে কঠোর পরিশ্রম করে তারা সংসারের অবস্থার পরিবর্তন আনতে সক্ষম হন। তবে এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে যায় সেই স্বপ্ন।

মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে চার ভাইয়ের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গ্রামের বাড়িতে নেওয়া হয়।

ভোর থেকেই শেষবারের মতো চার ভাইকে দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের হাজারো মানুষ। পাশাপাশি রাখা চারটি লাশবাহী খাটিয়ার সামনে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। অনেকেই নির্বাক হয়ে তাকিয়ে ছিলেন, আবার কেউ বিশ্বাসই করতে পারছিলেন না— একই পরিবারের চার ভাই একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

জানাজার আগে উপস্থিত সবার উদ্দেশে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনামুল হক। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, “আমার ভাইদের আপনারা ক্ষমা করে দিয়েন।” পরে সামাজিক কবরস্থানে পাশাপাশি চার ভাইকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে পরিবারের বড় ভাই প্রথম ওমানে যান। এরপর ধীরে ধীরে অন্য ভাইয়েরাও সেখানে গিয়ে গাড়ি ধোয়ার ব্যবসা শুরু করেন। পরিশ্রমের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠেন। দেশে জমি কিনে নতুন বাড়ি নির্মাণের কাজও শুরু করেছিলেন তারা। নিহতদের মধ্যে দুই ভাই সম্প্রতি বিয়ে করেছিলেন। তাদের একজন কয়েক মাস আগেই ওমানে গিয়েছিলেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, মরদেহ দেশে পৌঁছানোর আগেই জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সরকারি নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেক প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে দ্রুত সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় কেনাকাটা শেষে একটি ক্লিনিকের সামনে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন চার ভাই। ধারণা করা হচ্ছে, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970