বিশ্বকাপ দলে ডাক পেয়ে ‘কয়েক ঘণ্টা কেঁদেছেন’ নেইমার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৩২ পিএম
ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার নেইমার। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সোমবার (১৮ মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সময় নেইমারের নাম উচ্চারিত হতেই করতালি ও উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা।
এসময় বান্ধবী বিয়ানকার্দিকে পাশে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন নেইমার। নিজের নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। দুই হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ার সেই মুহূর্তের ভিডিও পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেন ব্রাজিলিয়ান এই তারকা।
এরপর তিনি ছুটে গিয়ে ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি ও ফিটনেস কোচ রিকার্ডো রোসাকে জড়িয়ে ধরেন। চোট কাটিয়ে মাঠে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের।
সান্তোস ক্লাবের সতীর্থ ও স্টাফদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার বলেন, বর্তমান অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। পুরো যাত্রাপথে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
নেইমার বলেন, ‘আমি কয়েক ঘণ্টা ধরে কেঁদেছি। এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না। আমার নাম ঘোষণার পর মনে হয়েছে, এতদিনের সব কষ্ট ও পরিশ্রম সার্থক হয়েছে। যারা পুরো প্রক্রিয়ায় আমার সঙ্গে ছিলেন, তারা জানেন এই পথ কতটা কঠিন ছিল।’
ব্রাজিল সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেইমার। তিনি বলেন, ‘সবার সমর্থনের জন্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। ব্রাজিলের হয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে লড়াই করব।’