জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপ্পে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২২ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই নতুন বিতর্কে পড়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। খেলোয়াড়দের সম্মতি ছাড়া একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে জাতীয় দলের কয়েকজন তারকা ফুটবলারের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ একাধিক খেলোয়াড় অসন্তোষ প্রকাশ করেছেন।

ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে জাতীয় দলের পাঁচ ফুটবলার—কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ের ছবি ব্যবহার করা হয়।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক এমবাপ্পে এবং তরুণ ফরোয়ার্ড রায়ান চেরকি।

এর আগেও চিত্রস্বত্ব বা ইমেজ রাইটস নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন এমবাপ্পে। ২০২২ সালে শুরু হওয়া সেই বিরোধের পর ২০২৩ সালে খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছায় ফেডারেশন। তবে বর্তমান ঘটনাকে ওই চুক্তির শর্ত লঙ্ঘনের সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জুয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপ্পে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিরোধিতা করি। আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেখানে জুয়া বহু মানুষের জীবন নষ্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে চিনি, যারা এর শিকার হয়েছেন।’

এদিকে এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে ফুটবলারদের সম্পৃক্ততা তরুণদের কাছে তাদের ইতিবাচক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

তবে ফরাসি ফুটবল ফেডারেশনের দাবি, বিদ্যমান চুক্তির নিয়ম মেনেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। যদিও চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক ও ফেডারেশন সভাপতির মধ্যে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্ব নিয়ে আলোচনার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970