ইরানের বিশ্বকাপ দলের ১৪ জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:১২ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে দলের সঙ্গে থাকা ১৪ জন কর্মকর্তা ও স্টাফকে ভিসা না দেওয়ার অভিযোগ তুলেছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি। এ ঘটনায় আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে তারা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেডারেশনের মহাসচিব হেদায়েত মোম্বেইনি এবং সহসভাপতি মেহদি মোহাম্মদ নবী। তবে ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভিসা অনুমোদনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, মেহদি তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ওই বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বিশ্বকাপ উপলক্ষে প্রথমে ফিফা ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বেজক্যাম্প নির্ধারণ করেছিল। পরে ইরানের অনুরোধে সেটি মেক্সিকোয় স্থানান্তর করা হয়। গত ১৮ মে তুরস্কে অনুশীলন ক্যাম্প চলাকালে সেখান থেকেই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করে দলটি।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যেসব কর্মকর্তা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, তারা দলের সঙ্গে মেক্সিকোয় অবস্থান করবেন এবং সেখান থেকে ভিসা পাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। শনিবার তুরস্ক থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা দিয়েছে ইরান দল।

ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দলের কিছু সদস্যকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত ইরান জাতীয় দলকে সমান সুযোগের প্রতিযোগিতা থেকে কার্যত বঞ্চিত করেছে।

এদিকে তুরস্কের আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান দলের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করায় দূতাবাসের কর্মীদের অভিনন্দন জানান।

এর পাল্টা প্রতিক্রিয়ায় আঙ্কারায় অবস্থিত ইরানি দূতাবাস জানায়, নিজেদের প্রশংসা করে ফিফার নিয়ম লঙ্ঘন এবং আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা খর্ব করার বিষয়টি আড়াল করা যাবে না। তাদের ভাষায়, এটি খেলাধুলায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপের অন্যতম নিকৃষ্ট উদাহরণ।

অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ইরান দলের সব খেলোয়াড়ের ভিসা অনুমোদন করা হয়েছে। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে আরেক মার্কিন কর্মকর্তা ইঙ্গিত দেন, দলের সঙ্গে যুক্ত কিছু আবেদনকারী ভিসার জন্য ‘মিথ্যা অজুহাত’ দেখিয়েছিলেন বলে তাদের আবেদন বাতিল করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970