ইরান যুদ্ধের প্রভাবে বাংলাদেশও ঝুঁকিতে, সমন্বিত কৌশলের আহ্বান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। ‘ইরান যুদ্ধের আঞ্চলিক ও বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক এ আয়োজনে বক্তারা বলেন, সম্ভাব্য সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের বিভিন্ন খাতেও পড়তে পারে।

নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। এতে দেশের শীর্ষ ভূরাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অর্থনীতিবিদ, রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ এম এম শাহিদুজ্জামান কোরেশী। তিনি বলেন, ইরান সংকটের কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ ও জ্বালানি খাত সরাসরি প্রভাবিত হতে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, সম্ভাব্য এ সংকট মোকাবিলায় বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। একই সঙ্গে জ্বালানির বিকল্প উৎস নিশ্চিত করা এবং দেশীয় অর্থনীতি সুরক্ষায় আগাম পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মুক্ত আলোচনায় অংশ নেওয়া বক্তারা দেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল ও গ্যাসের বিকল্প উৎস নিশ্চিত করে জরুরি মজুদ গড়ে তোলা, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের জন্য মধ্যপ্রাচ্যের বাইরের নতুন বাজার অনুসন্ধান করা।

সমাপনী বক্তব্যে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির জাতীয় সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান ও দূরদর্শী নীতিনির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সেমিনারে অংশ নেওয়া সকল অতিথিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ও সাবেক কূটনীতিক সাকিব আলী। এতে আরও উপস্থিত ছিলেন সচিব ও রাষ্ট্রদূত নাজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সচিব এহসান মাহমুদ জোবায়ের, জয়নুল আবেদীন, মারদিয়া মমতাজ, ব্যারিস্টার তাসমিয়া প্রধন, অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, বিজবিডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও বেসামরিক সমাজের প্রতিনিধিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970