দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৪ পিএম
দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে এবং নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করার চেষ্টা করছে একটি মহল।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি জনগণের অধিকার, কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি উদার রাজনৈতিক দল। তবে দেশে এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে, যারা গণতন্ত্র ও জনগণের অধিকারে আস্থা রাখে না। এ ধরনের শক্তিকে প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিবের দাবি, বর্তমান রাজনৈতিক অঙ্গনে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে এবং পরিকল্পিতভাবে রাজনীতিকে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কিছু মহল শুরু থেকেই এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। এসব চক্রান্ত প্রতিহত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশজুড়ে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার এবং কুৎসা রটানোর ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের মধ্যেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।
আলোচনা সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।