৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহের শুরু থেকেই এ শুল্ক কার্যকর হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের একটি পরিকল্পনা চূড়ান্ত করেছেন। সম্ভাব্য তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন, মেক্সিকো, ভারত, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।

সংবাদমাধ্যমটি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা ব্যবহার করে আরোপ করা আগের শুল্ক ব্যবস্থা বাতিল করে দেয়। এতে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়। সেই আইনি জটিলতা এড়াতে এবার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারাকে নতুন শুল্ক আরোপের আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা তুলনামূলকভাবে আরও শক্তিশালী বলে বিবেচিত।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তালিকাভুক্ত দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি বা ব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে মার্কিন উৎপাদকরা অন্যায্য ও অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।

এরই মধ্যে ট্রাম্প প্রশাসন কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাম্পকে প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং ২০২৫ সালে সম্পাদিত বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কিছু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে শুল্কমুক্ত রাখা এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের ওপর শুল্ক কমানোর সুপারিশও করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন এ শুল্ক পরিকল্পনা সামনে এসেছে। এরই প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে প্রতি গ্যালন তেলের মূল্য ৪ ডলারের বেশি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলছে।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি থাকলেও জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্ট নন দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন ভোটার।

বাণিজ্য বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এ শুল্ক কার্যকর হলে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি খাতের ওপর চাপ বাড়বে এবং বিশ্ববাজারে আবারও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: রয়টার্স, আনাদোলু

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970