স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষকে আনন্দিত করেছে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর স্পেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির এই সাফল্যকে বিশ্বজুড়ে স্বাধীনতাকামী এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী অবস্থানে থাকা মানুষের জন্য আনন্দের প্রতীক হিসেবে উল্লেখ করেছে তেহরান।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, স্পেনের বিশ্বকাপ জয় এমন মানুষের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতা করে।
সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে সংঘাতের বিরোধিতা করায় স্পেন সরকার ও দেশটির জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পেয়েছে। এছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধেও কয়েক মাস ধরে স্পষ্ট অবস্থান নিয়েছে স্পেন।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। ফাইনালে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছিলেন ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমর্থকরাও। রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন।
স্পেনের এই জয়ের পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিনের প্রতি স্পেনের সমর্থন এবং ইরানের পক্ষে তাদের অবস্থান দেশটির মূল্যবোধেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, এই জয় শুধু স্পেনের জনগণের নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া মানুষের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পেনের অবস্থানের প্রশংসা করে বলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে দেশটির দৃঢ় অবস্থান এবং জাতীয় ফুটবল দলের আচরণ আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করেছে।
সূত্র: আল জাজিরা