ইরানের ড্রোন কারখানাগুলো কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০৪ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন ও ড্রোন উৎপাদন কারখানাগুলোর অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ইরানের অধিকাংশ ড্রোন কারখানা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার (৫ জুন) এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের ড্রোন কোথায় আছে এবং তাদের ড্রোন কারখানাগুলো কোথায় অবস্থিত, তা আমরা জানি।’

তিনি দাবি করেন, ইরানের বেশিরভাগ ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির অধিকাংশ স্থাপনাও অকার্যকর হয়ে পড়েছে। তবে বর্তমানে ইরানের হাতে কত সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে রাজি হননি তিনি।

ট্রাম্প বলেন, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। তার ধারণা, দেশটির আগের সামরিক সক্ষমতার তুলনায় বর্তমানে প্রায় ২১ থেকে ২২ শতাংশ সক্ষমতা অবশিষ্ট আছে।

তিনি আরও বলেন, এই পরিমাণ অস্ত্রও কম নয়। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ইরানের যে সামরিক শক্তি ছিল, তার তুলনায় বর্তমান সক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বের ‘গর্ব’ আলোচনাকে দীর্ঘায়িত করছে।

তার ভাষায়, ‘আমার মনে হয় তারা বিশ্বাসই করতে পারছে না যে তারা এমন পরিস্থিতিতে পড়েছে, যেখানে তাদের নেতৃত্ব কার্যত ছিন্নভিন্ন হয়ে গেছে। তারা গর্বিত এবং এমন কিছু করতে বাধ্য হচ্ছে, যা তারা কখনো কল্পনাও করেনি। কিন্তু তাদের সামনে আর কোনো বিকল্প নেই।’

এদিকে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি নাও হতে পারে, তবে সপ্তাহান্তেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970