১৭ মাসে সাড়ে চার হাজারের বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম
যুক্তরাষ্ট্র গত ১৭ মাসে ৪ হাজার ৬০০-এর বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশটি থেকে আরও ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে বহিষ্কার করা হয়েছিল।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে আসছে।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয়তা যাচাই করা বাধ্যতামূলক।
গত বছর ভারতীয় পার্লামেন্টে দেওয়া এক তথ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি শুধু ভারতের নীতি নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বহুল স্বীকৃত একটি নীতি।
এ ছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।