ভোরে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।

হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছে ম্যাচটিকে। কোচ লিওনেল স্কালোনির জন্যও এটি হবে মূল আসরের আগে কৌশল ও একাদশ যাচাইয়ের শেষ সুযোগ।

দলের জন্য বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় পাওয়া পেশির চোট থেকে সেরে ওঠা এই তারকা শুরু থেকেই মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি বলেন, মেসি খেলবেন, তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন সে বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। অনুশীলনের পর তার শারীরিক অবস্থা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া নাহুয়েল মলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ এবং জুলিয়ান আলভারেজও ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ। তবে চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালেরদি। তার বিকল্প নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, বিশ্বকাপে জায়গা না পাওয়া আইসল্যান্ড ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। কোচ আরনার গুন্নলাউগসনের দল রক্ষণভিত্তিক কৌশল এবং দ্রুত পাল্টা আক্রমণের ওপর নির্ভর করতে পারে।

দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ২০১৮ বিশ্বকাপে, যেখানে ১-১ গোলে ড্র করে চমক দেখিয়েছিল আইসল্যান্ড। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এবার এগিয়ে রাখা হচ্ছে আর্জেন্টিনাকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে লিওনেল স্কালোনির দল, বিপরীতে আইসল্যান্ডের শেষ পাঁচ ম্যাচে নেই কোনো জয়।

আর্জেন্টিনার আক্রমণভাগে নজর থাকবে লাওতারো মার্টিনেজের দিকে। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ২০২৪ কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন এবং হন্ডুরাসের বিপক্ষেও গোল করে নিজের দারুণ ফর্মের প্রমাণ দিয়েছেন।

সম্ভাব্য একাদশে ৪-৩-৩ ছকে খেলতে পারে আর্জেন্টিনা। গোলপোস্টে থাকবেন রুলি। রক্ষণে থাকতে পারেন কাপালদো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ এবং আক্রমণে দেখা যেতে পারে লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ ও নিকো গঞ্জালেসকে।

অন্যদিকে ৫-৪-১ ছকে মাঠে নামতে পারে আইসল্যান্ড। গোলপোস্টে থাকবেন ভালডিমারসন এবং আক্রমণের মূল ভরসা থাকবেন আলবার্ট গুডমুন্ডসন।

ঘরে বসেই ম্যাচটি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা-আইসল্যান্ড লড়াইটি সরাসরি সম্প্রচার করবে ইএসপিএন ও ইএসপিএন ডিপোর্তেস। পাশাপাশি ওয়াচ ইএসপিএন, ফুবো টিভি, স্লিং টিভি, ফানাতিজ, ভিক্স এবং ফ্যানকোড প্ল্যাটফর্মেও ম্যাচটি দেখা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970