জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে নতুন বাংলাদেশ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংস্কারের স্বপ্ন দেখেছিল, সেই আকাঙ্ক্ষার ধারে কাছেও দেশ এখনো পৌঁছাতে পারেনি। বরং জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় অনেক সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ এমন একটি বাংলাদেশ চেয়েছিল যেখানে ভোট চুরি, লুটপাট, অন্যায়-অবিচার ও রাষ্ট্রীয় নিপীড়নের অবসান ঘটবে। জুলাই আন্দোলনে মানুষ বুক পেতে গুলি খেয়েছে শুধু একটি সরকার পরিবর্তনের জন্য নয়, বরং একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্ন এখনো বাস্তবায়নের পথে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে বলা হচ্ছে, জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, অন্যদিকে সরকার দাবি করছে এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই দুই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করছে। বাস্তবে বিচারব্যবস্থার স্বাধীনতা, বিচারক নিয়োগে স্বচ্ছতা এবং রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ যেসব অধ্যাদেশ করা হয়েছিল, সেগুলোর অনেকগুলোই বাতিল হয়ে গেছে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংস্কার মানে শুধু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন নয়, বরং মানুষের জীবন ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আনা। এমন আইন ও রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা সামরিক শাসনের পুনরাবৃত্তি না ঘটে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, মানুষের রাজনৈতিক মনন ও গণতান্ত্রিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, দুই বছর পেরিয়ে গেলেও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা মানুষের মধ্যে অটুট রয়েছে। মানুষ এখনো জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চায়। তাই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, ডেইলি ওয়াদার সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970