শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অভিযোগের জেরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) ঢাকার সায়েন্স ল্যাব মোড়, বকশীবাজার, উত্তরাসহ বগুড়া ও বরিশালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিকেল চারটার আগে আবারও সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর আগে সকালেও তারা একই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল রয়েছে। তাদের দাবি, আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল এবং বাকি প্রশ্নগুলোও অস্বাভাবিকভাবে কঠিন করা হয়েছে। অনেকের ভাষ্য, প্রশ্নের মান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো হওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এছাড়া টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে বলেও দাবি করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিতে ব্যর্থ হওয়ায় বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রয়োজন। তারা প্রশ্ন তোলেন, ভুল প্রশ্নপত্র ও কঠিন পরীক্ষার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে এর দায় কে নেবে।
সকালের কর্মসূচিতে মিরপুর সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা ভাগ হয়ে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যান। সায়েন্স ল্যাব থেকে একপর্যায়ে তারা ভিসি চত্বরের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন তারা।
এই আন্দোলনে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যদিকে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
একই দাবিতে বগুড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সাতমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বরিশালেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অবরোধ কর্মসূচি চলছিল।