সরকারি সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২৬ এএম

ছবি: সংগৃহীত

এক দিনের সরকারি সফরে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে তিনি বরিশালের পথে রওনা হন। সফরজুড়ে পরিবেশ সংরক্ষণ, সামাজিক সহায়তা কার্যক্রম এবং দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে ঘিরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সফরকালে গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও উপস্থিত থাকবেন তিনি।

এছাড়া বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেওয়ার সূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

এর আগে রোববার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এবারের বরিশাল সফরের মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা। দিনের নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশাল জেলা সদরের ঐতিহাসিক ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সরকারের পরিবেশবান্ধব উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970