শিক্ষা কর্মকর্তার ওপর হামলার পর প্রধান শিক্ষক বললেন, ‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে আটক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অসংলগ্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বলেন, ‘সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন মুখে মাস্ক, চোখে সানগ্লাস ও গায়ে রেইনকোট পরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে শাকিল আহমেদ আহত হন। কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএম জসিম উদ্দিনকে অসংলগ্নভাবে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’ তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এরই জেরে পরিকল্পিতভাবে মুখ ঢেকে তার কার্যালয়ে এসে কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বর্তমানে বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970