তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
অভিযোগ তদন্ত করতে গিয়ে এক প্রবাসীর পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে বগুড়ার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ জুন ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলেকে সৌদি আরবে পাঠানোর পর একই গ্রামের মাহমুদুল সরকার চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেননি। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের অংশ হিসেবে তিনি একাধিকবার অভিযোগকারীর বাড়িতে যান। এ সময় অভিযোগকারীর প্রবাসী ছেলের স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী ঘটনাটি তদন্ত করেন।
তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের একটি অডিও ক্লিপের সত্যতা পাওয়া যায় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে গত শুক্রবার (১০ জুলাই) তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে রোববার (১২ জুলাই) এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, এসআই মোস্তাফিজার রহমান এর আগে বগুড়া সদর থানায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ উঠেছিল। পরে প্রায় পাঁচ মাস আগে তাকে ধুনট থানায় বদলি করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত এসআই মোস্তাফিজার রহমানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি।