চট্টগ্রামে বন্যার পানিতে সাপের আতঙ্ক, কামড়ে আহত ৭৫ জন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকায় সাপের উপদ্রব উদ্বেগজনকভাবে বেড়েছে। পানিতে ডুবে যাওয়া আবাসস্থল ছেড়ে আশ্রয়ের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে বিভিন্ন প্রজাতির সাপ। এরই মধ্যে গত কয়েক দিনে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বন্যাকবলিত এলাকার সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসামগ্রী সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আক্রান্তরা দ্রুত চিকিৎসাসেবা পান।
তিনি জানান, বন্যাদুর্গত এলাকাগুলোতে বিশেষ মেডিক্যাল টিম কাজ করছে। এসব দল দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। এছাড়া অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ শিশু এবং জরুরি রোগীদের দ্রুত নৌপথে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাঁচ জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ছয়জন, রাঙ্গামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া দুর্যোগজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী সংস্থাগুলো বন্যাকবলিত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং সাপসহ অন্যান্য বন্যপ্রাণী থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।