বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির ক্রমাবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গত এলাকার মানুষের পাশে থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনারও নির্দেশনা রয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং বন্যাকবলিত অঞ্চলে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ চলছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে শুধু শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে থাকে।

এরও আগে একই কারণে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970