প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে একটি কেন্দ্রকে ঘিরে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশাসনের দাবি, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগে একদল পরীক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়।

শনিবার (১১ জুলাই) দুপুরে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় তারা কলেজ ভবন লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একটি অংশ পশ্চিম পাশের দুটি গেট ভেঙে কলেজে প্রবেশ করে। তারা অধ্যক্ষের কক্ষের জানালার কাচ ভাঙচুর করলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করেন।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় পরীক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদে ডাকঘরে পাঠানো হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষার হলে শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগে পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থী বিক্ষোভে জড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970