অন্তঃসত্ত্বাকে লাথি মেরে গর্ভপাত: বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও পেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় স্থানীয় বিএনপি নেতা ফেরদৌস মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোহনগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা রেজাউল করিম।

অভিযুক্ত ফেরদৌস মিয়া (৪২) মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী আশা আক্তার (২১) একই উপজেলার সুয়াইর গ্রামের বাসিন্দা এবং সালমান শাহর স্ত্রী। ঘটনার সময় তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুন বাবার বাড়ি পালগাঁও গ্রামে অবস্থানকালে আশার ভাইয়ের একটি কুকুরকে কেন্দ্র করে প্রতিবেশী ফেরদৌস মিয়ার সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ফেরদৌস মিয়া ও তার সহযোগীরা আশার ভাই জুয়েল মিয়াকে মারধর করেন। তাকে রক্ষা করতে গেলে আশার বাবা দিলখোশ মিয়া ও মা সালেমা আক্তারও হামলার শিকার হন।

এ সময় পরিস্থিতি থামাতে এগিয়ে গেলে অন্তঃসত্ত্বা আশা আক্তারের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, ফেরদৌস মিয়া তার পেটে লাথি মারেন। এতে গুরুতর অসুস্থ হয়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভপাত হয়।

ঘটনার পরদিন আশার বাবা দিলখোশ মিয়া মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ভুক্তভোগীর স্বামী সালমান শাহ অভিযোগ করেন, পুলিশ প্রথমে ফেরদৌস মিয়াকে আটক করলেও স্থানীয় নেতাদের আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ৫ জুন তিনি বাদী হয়ে ফেরদৌস মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক জয় পাল জানান, মামলার ছয় আসামির মধ্যে পাঁচজন বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে প্রধান আসামি ফেরদৌস মিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970