চট্টগ্রামে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ১৩, পানিবন্দি প্রায় ৬ লাখ মানুষ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড় ধসের কারণে চট্টগ্রামে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। দুর্যোগে জেলার ১৬টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ছাড়াও বাঁশখালী, সন্দ্বীপ, সাতকানিয়া, আনোয়ারা, কর্ণফুলী, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া এবং ফটিকছড়ি উপজেলার মোট ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার পানিতে তলিয়ে গেছে।
সরকারি হিসাবে, বর্তমানে জেলার ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য জেলা প্রশাসন ৫৮০টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ২১ হাজার ৯০০ জন আশ্রয় নিয়েছেন।
ত্রাণ সহায়তার অংশ হিসেবে বরাদ্দকৃত ১ হাজার ২০০ মেট্রিক টন চালের মধ্যে ইতোমধ্যে ৭১০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। পাশাপাশি বরাদ্দ দেওয়া ৮৫ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ছাড়া দুর্গত মানুষের মধ্যে ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার এবং ১৫ হাজার ১০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের তহবিলে বর্তমানে আরও ৪৯০ মেট্রিক টন চাল এবং ২৫ লাখ টাকা নগদ সহায়তা মজুদ রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হবে।