৪৫ বছর আত্মগোপনের পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানী থেকে তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্টদের মতে, তিনি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মেজর মো. মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিনের নাম উঠে আসে।
বিভিন্ন তদন্ত সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মেজর মোজাফফর হোসেন প্রথমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি তৎকালীন চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে এ ঘটনার বিষয়টি জানান।
পরে সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আবুল মঞ্জুর নিহত হন। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করতেন। অবশেষে প্রায় সাড়ে চার দশক পর তার আত্মগোপনের অবসান ঘটিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।