যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: পাটওয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে আবু সাঈদ যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে প্রাণ দিয়েছিলেন, দুই বছরের মধ্যে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে আবু সাঈদের বুকে গুলি চালানোর ঘটনার পর বাংলাদেশ নতুন আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু যে পরিবর্তন ও ন্যায়বিচারের প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশের সংস্কার, পরিবর্তন, আওয়ামী লীগের বিচার, বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার এবং শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে বিচার প্রত্যাশীরা অপেক্ষা করলেও বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য পুলিশ কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি জনগণের ওপর আস্থা রেখে রাজনীতি করতে চায়। দলটি আওয়ামী লীগের অর্থের কাছে বিক্রি হবে না, টেন্ডারবাজি বা বাসস্ট্যান্ড দখলের রাজনীতি করবে না এবং ভারতের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা নিশ্চিত, আলেম ও হিন্দু সম্প্রদায়ের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, পুলিশ, সামরিক বাহিনী ও অর্থনৈতিক খাতে সংস্কার এবং উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (স্বাস্থ্য উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ এবং ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেনসহ অন্যান্য নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970