চাঁদাবাজি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন: সারজিস আলম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম
দেশে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, চাঁদাবাজি রোধে সক্ষমতা না থাকলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় বন্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকলে সরকার জনগণের আস্থা হারায়।
সারজিস আলম বলেন, গাইবান্ধা ও সাদুল্লাপুরে এসে ভ্যানচালক ও অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন যান চালাতে তাদের ১০০ টাকা করে চাঁদা দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ বাড়ছে এবং এটি কোনোভাবেই জনবান্ধব সরকারের পরিচয় হতে পারে না।
তিনি আরও বলেন, সরকার যদি নিজে চাঁদাবাজি না করে, তবে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর সেই সক্ষমতা না থাকলে ক্ষমতায় থাকার যৌক্তিকতা নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, যদি সরকার চাঁদাবাজিও বন্ধ না করে এবং ক্ষমতাও না ছাড়ে, তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে দিনে চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলেও রাতে সেই অর্থের ভাগ নেওয়া হচ্ছে।
এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।
সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই সময়ে জেলার সাতটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভারও আয়োজন করা হয়।