আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আর কখনো আসবে না: অলি আহমেদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসবে না। তার ভাষায়, দলটি ‘স্বাভাবিক মৃত্যুবরণ’ করেছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে অলি আহমেদ ভারতের সমালোচনা করে বলেন, সেখানে নিয়মিত মসজিদে হামলা ও মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। পাশাপাশি বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্যও দেওয়া হচ্ছে। তবে এসবের প্রতিক্রিয়ায় বাংলাদেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআনের শিক্ষা অনুসরণ করে অন্যের ক্ষতি করার পথ থেকে বিরত থাকতে হবে।
তিনি ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে বলেন, যতই উসকানিমূলক বক্তব্য দেওয়া হোক না কেন, বাংলাদেশ কোরআনের আদর্শ থেকে বিচ্যুত হবে না।
১১ দলীয় জোট গঠনের উদ্দেশ্য তুলে ধরে এলডিপি চেয়ারম্যান বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধের লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়েছে। তিনি বলেন, অনেকেই মনে করেন তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, তবে বাস্তবে দেশের স্বার্থে একটি অভিন্ন লক্ষ্য নিয়েই ১১টি দল এক হয়েছে।
সরকারের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে অলি আহমেদ বলেন, ত্রাণ বিতরণের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের, আর তা তদারকির দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। মন্ত্রীদের এসব কাজে সরাসরি যুক্ত হওয়া প্রশাসনিক দায়িত্বের ভারসাম্য নষ্ট করে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর প্রতি মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, বিরোধী দল সরকারে শত্রু নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার অংশীদার।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিভাগীয় সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।