খুলনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে আতঙ্ক, ছুটির দিন হওয়ায় এড়ানো গেল প্রাণহানি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় গাজী আবদুল জব্বার হাইস্কুল অ্যান্ড কলেজের একটি ঝুঁকিপূর্ণ দ্বিতল একাডেমিক ভবনের বড় অংশ ধসে পড়েছে। নতুন ভবন নির্মাণের কার্যাদেশ জারির আগেই এ ঘটনা ঘটায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত দুরবস্থা আবারও সামনে এসেছে।

শুক্রবার বিকেলে ভবনটির দ্বিতীয় তলার ছাদসহ সামনের অংশ হঠাৎ ভেঙে পড়ে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ওই সময় ভবনে কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়েছিল, পলেস্তারা খসে পড়ছিল এবং রড বেরিয়ে এসেছিল। এছাড়া বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে নিয়মিত পানি পড়ত। এসব কারণে নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কার্যাদেশ জারি না হওয়ায় কাজ শুরু করা যায়নি। এর মধ্যেই পুরোনো ভবনটির একাংশ ধসে পড়ে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার থেকে পাশের একতলা ভবনে মাধ্যমিক ও কলেজ—উভয় শাখার ক্লাস একসঙ্গে পরিচালিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970