প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণ ‘জুলাই সনদ’-এর পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এ পরিস্থিতি চলতে থাকলে প্রয়োজন হলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদ’ ও গণভোটের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর জনগণের রায় অনুযায়ী সনদটি বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাঁর ভাষায়, ‘প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা।’ তিনি বলেন, সরকার বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দেওয়া হয়নি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে যেকোনো সময় কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তাঁর দাবি, সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মকাণ্ড দেশকে সেই পরিস্থিতির দিকেই ঠেলে দিচ্ছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জনগণ ক্ষমতায় বসিয়েছে বলেই জনগণের প্রত্যাশা উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা ছলনা করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলটি দীর্ঘ ১৬ বছর গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা বললেও ৫ আগস্টের পর থেকে তারা গণতান্ত্রিক সংস্কারের বিপরীত অবস্থান নিয়েছে। তাঁর দাবি, বিএনপি মূলত ক্ষমতা অর্জনের লক্ষ্যেই আন্দোলন করেছে এবং এখন তারা সংস্কার ও পরিবর্তনের বিষয়টি আর সামনে আনছে না।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথম প্রস্তাবেই সংবিধান সংস্কার কমিটি গঠনের কথা থাকলেও বর্তমানে দলটি সেই অবস্থান থেকে সরে এসেছে।
সংবিধান সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, কোনো প্রহসনমূলক সংস্কার মেনে নেওয়া হবে না। প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি।