তিন নারীকে ছুরিকাঘাতের পর যুবকের দাবি, 'আল্লাহর নির্দেশে করেছি'
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরিকাঘাতে তিন নারী আহত হওয়ার ঘটনায় আটক এক ব্যক্তি দাবি করেছেন, ‘আল্লাহ আমাকে এ কাজের নির্দেশ দিয়েছেন।’ তবে হামলার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নয় ফরাসি কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জুলাই) প্যারিসের পোর্ত দ্য ক্লিশি এলাকার টু ডোমস ব্রুয়ারি সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী ওই ব্যক্তি ছুরি নিয়ে তিন নারীকে লক্ষ্য করে হামলা চালান। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
ফরাসি দৈনিক লে ফিগারো জানায়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীকে আটক করার পর তিনি বলেন, ‘এটি আল্লাহর নির্দেশ ছিল।’ তবে পুলিশ সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে, সন্দেহভাজনের মধ্যে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হামলাটিকে ইসলামি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলেও ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, অভিযুক্তের বক্তব্য ছিল অসংলগ্ন। তাই তদন্ত শেষ হওয়ার আগে হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী ‘আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন’ বলার পর একজন তাকে উদ্দেশ করে বলেন, ‘আল্লাহ বলে কিছু নেই, ভাই।’ এ সময় আরেকজন উপস্থিত ব্যক্তিকে হামলাকারীকে ধরে রাখতে অন্যদের আহ্বান জানাতে দেখা যায়। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, ‘সে এখানে আমার বান্ধবীকে ছুরিকাঘাত করেছে।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এমন একটি ভিডিও যাচাই করেছে যেখানে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি দুই হাতে দুটি ছুরি নিয়ে অন্তত একজন নারীকে আঘাত করছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আহত তিন নারীর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অপরজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
এদিকে ইউরোপে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার ধারাবাহিকতার মধ্যেই প্যারিসের এ হামলার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে যুক্তরাজ্যের লন্ডনের ক্ল্যাফাম এলাকায় ২২ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জার্মানির বার্লিনে একটি প্রাইড প্যারেডে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ২৯ জন আহত হন। পরে জার্মান পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করে।
তবে প্যারিস, লন্ডন ও বার্লিনের এসব সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের অভিবাসন-সংক্রান্ত অবস্থা বা হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত চলমান রয়েছে।