ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত—এ বিষয়ে ভারত কোনো নির্দেশ দিচ্ছে না। তবে তিনি একইসঙ্গে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃস্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্কর এই মন্তব্য করেন।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ইতি ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সম্প্রতি, তার অনুপস্থিতিতেই বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
শেখ হাসিনা ভারতে ‘ইচ্ছামতো’ থাকতে পারবেন কি না—এ প্রশ্নে জয়শঙ্কর বলেন, “পরিস্থিতি ভিন্ন। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন, সেটি তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তারই।”
বাংলাদেশ–ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে যে সমালোচনা রয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন। “যদি সমস্যা নির্বাচনকে ঘিরে হয়, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন,” মন্তব্য করেন তিনি।
ভারত সর্বদা প্রতিবেশী বাংলাদেশের জন্য গণতান্ত্রিক পথকেই কামনা করে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, জনগণের ইচ্ছাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হয়, সেটিই ভারতের প্রত্যাশা।
তিনি আরও আশা প্রকাশ করেন, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তারা যেন পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখে এবং সামগ্রিক পরিস্থিতির উন্নতি ঘটে।