ড. ইউনূস-সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও অপরাধমূলক সংশ্লিষ্টতা থাকতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

তিনি জানান, এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নিতে বলা হয়। পরে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

ব্যারিস্টার আশরাফুল ইসলামের দাবি, দেশে নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970