সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
আওয়ামী লীগ সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দাখিল করেছে দুটি সংগঠন।
রোববার (২৬ জুলাই) পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি এবং রাষ্ট্রসংলাপ ফোরাম।
এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো তিনি এখনো পর্যালোচনা করেননি। তিনি জানান, একটি অভিযোগ বাংলাদেশ আজাদ পার্টি এবং অন্যটি রাষ্ট্রসংলাপ ফোরাম জমা দিয়েছে।
তিনি আরও বলেন, প্রসিকিউশনে কোনো অভিযোগ জমা পড়লে তা সাধারণত তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়। এ ক্ষেত্রেও অভিযোগ তাঁর কাছে উপস্থাপিত হলে নিয়ম অনুযায়ী তদন্ত সংস্থায় পাঠিয়ে দেওয়া হবে। এর বাইরে এ বিষয়ে তাঁর কাছে আর কোনো তথ্য নেই।
রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
সংগঠনটি আরও দাবি করেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বা সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইন অনুযায়ী তদন্ত করা হোক।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, আনিস আলমগীর, সোমা ইসলাম, মারিয়া কিসপট্টা, পিয়া জান্নাতুল ও শান্তা ফারজানাসহ আরও কয়েকজন।