ভিডিও ফাঁসের সন্দেহে চালককে হত্যাচেষ্টা: এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে ব্যক্তিগত গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমিনুর রহমান মামলার বাদী ওবায়দুর রহমানের চাচাতো ভাই।

মামলার অন্য আসামিরা হলেন গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) এবং রাকিবুল হাসান (৩০)।

আদালতে ডিবির পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক রাকিবুল হুদা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমিনুর রহমানকে কারাগারে রাখার আবেদন করেন। এদিন আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, বাদী ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি আবাসিক ভবনে তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। আত্মীয়তার সূত্রে সংসদ সদস্য ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন। একপর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে অবহিত করেন এবং নজরুল ইসলামকে এ সম্পর্ক থেকে সরে আসতে অনুরোধ করেন। এরপর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, সম্প্রতি মগবাজারের একটি চক্র গাজী নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু আপত্তিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল শুরু করে। এতে নজরুল ইসলামের সন্দেহ হয়, ওবায়দুরই গোপনে ভিডিও ধারণ করে তা সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট চক্রের কাছে পৌঁছে দিয়েছেন। সেই সন্দেহ থেকেই তার ওপর হামলার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর ভাষ্য অনুযায়ী, গত ১৪ জুলাই সকাল ১১টার দিকে আমিনুর রহমান তাকে কৌশলে বাসার ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে উপস্থিত অন্য আসামিরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে আমিনুর রহমান তাকে মেঝেতে ফেলে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় তার মা তাহমিনা ও ছোট বোন মীম চিৎকার করে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে আরও দাবি করা হয়েছে, হামলার পর থেকে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

এদিকে আদালত মামলার তদন্ত শেষ করে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970