হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৩১ পিএম
রাজধানীর রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন খিলগাঁও অঞ্চলের তৎকালীন অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
এছাড়া রামপুরা থানার তৎকালীন উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার কার্যক্রম দুপুরের আগে শুরু হয় এবং শুরুতেই মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চাওয়া হয়। অনুমতি পাওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি রায় সম্প্রচার করা হয়।
এর আগে এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। অপর চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ বাঁচাতে আমির হোসেন নামে এক তরুণ রামপুরার একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। সেখানে পিছু নিয়ে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। একই দিনে ওই এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে আরও দুজন নিহত হন।