হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২০ এএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ (সোমবার) অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৪ জুন অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশনের শুনানি হওয়ার কথা থাকলেও গ্রেপ্তার এক আসামি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শুনানিতে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে যুক্তি তুলে ধরবেন।
মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচ আসামি। তারা হলেন ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।
অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় রয়েছেন হাছান মাহমুদ, নওফেল, আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
গত ১৩ মে পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।
এর আগে গত ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর দুই দিন আগে, ৫ এপ্রিল প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্র হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।