বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক স্টোরির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক স্টোরিতে জাইমা রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ছোট ব্যক্তিগত সাফল্যের খবর ভাগ করে নিতে চাই। আমার দেশে আইন পেশায় কাজ করার লক্ষ্যে আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলাম। মহান আল্লাহর অশেষ রহমতে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’
জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন রাতে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন।
চলতি বছরের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। এই তিন ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।