সোহেল-স্বপ্নাকে ৭ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার আইনগত উত্তরাধিকারীরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

আদালতের আদেশ অনুযায়ী, জরিমানার ৭ লাখ টাকা ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে। আসামিরা অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রির মাধ্যমে অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কালেক্টরেট অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বাসায় বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত শেষে ঘটনার মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একইদিন মামলাটি বিচারের জন্য শিশু ট্রাইব্যুনালে পাঠানো হয়। তবে ঈদুল আজহার ছুটি থাকায় অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয় ১ জুন।

ঈদের ছুটি শেষে ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। পরদিন ২ জুন সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ সময় রামিসার বাবা-মা, বোন ও স্বজনসহ মোট ১৮ জন সাক্ষ্য দেন। পরে ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। সব কার্যক্রম শেষে রোববার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970