চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিল আদালত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার দেহাবশেষ তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এর আগে গত ২০ মে তদন্ত কর্মকর্তা আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং সে অনুযায়ী মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান।
পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থার একাধিক তদন্তে হত্যার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হলেও শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তার পরিবার।