আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে দেওয়া রায়ের ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে সাক্ষ্য-প্রমাণের মূল্যায়ন, বিচারিক বিশ্লেষণ এবং বিচারপ্রক্রিয়ার ন্যায়সঙ্গতা বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতায় আবু সাঈদের হত্যাকাণ্ডকে প্রথম ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মামলার বিচারকার্য স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে ট্রাইব্যুনাল।
এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড, আটজনকে ৫ বছরের কারাদণ্ড এবং ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একজন আসামির ক্ষেত্রে ইতোমধ্যে হাজতবাসে কাটানো সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করে তার দণ্ড ভোগ সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়।