আমরা খারাপ নির্বাচনের বদনাম ঘুচিয়ে দিতে চাই: সিইসি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনের কারণে যে বদনাম তৈরি হয়েছে, তা বর্তমান নির্বাচন কমিশন ঘুচিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, আইনের শাসন কাকে বলে এবার তা মাঠ পর্যায়ে দেখিয়ে দিতে চান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ডিসি-এসপিসহ সকল মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব। এতে অন্য চার নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক উপস্থিত ছিলেন।
ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি বলেন, “আইনের শাসন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেবেন না। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, মাঠ প্রশাসনের কার্যকারিতা তার অথরিটির উপর নির্ভর করে; প্রশাসন কার্যকরভাবে কাজ না করলে কোনো ব্যবস্থা কার্যকর হবে না।
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমাদের ওপর জাতীয় এবং সংবিধানিক দায়িত্ব এসেছে। আমরা সবাই মিলে দায়িত্বটি সঠিকভাবে পালন করব। কোনো বিচ্যুতি হবে না। আইনের শাসনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
তিনি সভার শুরুতেই শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।