‘চাঁদাবাজি মুছে ফেলতে চাই’ বলা সেই এএসপিকে বদলি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

দায়িত্ব পালনকালে শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীতে চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এছাড়া সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেপ্তার করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করে দক্ষতার পরিচয় দেন তিনি।

পেশাগত জীবনের আগের সময়গুলোতেও সাহসিকতার পরিচয় দিয়েছেন এই কর্মকর্তা। নরসিংদীতে দায়িত্ব পালনকালে তার একটি বক্তব্য ব্যাপক আলোচনায় আসে— “নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।”

এ সময় তিনি দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

শামীম আনোয়ারের বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার কঠোর অবস্থানের কারণেই তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970