সরকার লোন নিলে জনগণের কল্যাণেই নেবে, এই টাকা চুরি হবে না: জাহেদ উর রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে চলমান উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রীর পলিসি ও কৌশলগত উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার ঋণ নিলে তা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং এই অর্থ কোনোভাবেই অপচয় বা চুরি হবে না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি ঋণকে অতিরিক্ত ভীতিকরভাবে দেখার প্রয়োজন নেই। বিশ্বের অনেক দেশই তাদের মোট দেশজ উৎপাদনের তুলনায় অনেক বেশি ঋণ নিয়ে অর্থনীতি পরিচালনা করে। উদাহরণ হিসেবে তিনি জাপানের কথা উল্লেখ করে বলেন, দেশটি কয়েকগুণ ঋণ নিয়েও অর্থনীতি চালাচ্ছে, অথচ বাংলাদেশ এখনো সে পর্যায়ে পৌঁছায়নি।

ঋণের চাপ শেষ পর্যন্ত জনগণের ওপর পড়ে এ কথা স্বীকার করে তিনি বলেন, দেশের প্রধান সমস্যা শুধু ঋণ নয়, বরং আগের নেওয়া ঋণের বড় একটি অংশ সঠিকভাবে ব্যবহার হয়নি। অনেক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে সেই অর্থ জনগণের কাজে লাগেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পৃথিবীতে কোনো সরকারই ঋণ ছাড়া পরিচালিত হয় না। ব্যক্তি যেমন আয় অনুযায়ী ব্যয় করে, সরকার তার ব্যয়ের পরিকল্পনা অনুযায়ী আয় নির্ধারণ করে। প্রয়োজন হলে ঘাটতি পূরণে ঋণ নিতে হয়, যা বিশ্বজুড়েই একটি স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া।

জ্বালানি মূল্য বৃদ্ধি ও ভর্তুকি কমানোর প্রসঙ্গে তিনি বলেন, সরকার ধীরে ধীরে ভর্তুকি কমানোর চেষ্টা করছে। তবে ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ কমে যায়, আর অতিরিক্ত অর্থ ছাপালে মূল্যস্ফীতি বাড়ে। এসব বিষয় বিবেচনায় রেখেই সরকার ঋণ ব্যবস্থাপনা করছে।

সবশেষে তিনি বলেন, সরকার যদি ঋণ নেয়, তা অবশ্যই জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং এই অর্থ চুরি বা অপব্যবহারের কোনো সুযোগ থাকবে না।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970