এখন থেকে আর বর্ডারে উত্তেজনা থাকবে না: আশা ভারতের নতুন হাইকমিশনারের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:১৭ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর হবে। একই সঙ্গে শিগগিরই পর্যটক ভিসা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ জুন) সকালে ঢাকায় যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ‘পুশইন’ ইস্যু নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আর থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্ম একসঙ্গে এগিয়ে যাবে। তার বিশ্বাস, ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারত বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।

এ সময় তিনি বাংলাদেশের জনগণের সহযোগিতা ও শুভকামনা কামনা করে বলেন, দুই দেশ যেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতের লক্ষ্য অর্জনে সফল হয়।

উল্লেখ্য, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দেশটির সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970